দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে রংপুরের কাউনিয়ায় জনসচেতনতা বৃদ্ধিতে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ও পরিচালনা করা হয়।
অভিযানে ডেঙ্গুর বাহক এডিস মশাসহ বিভিন্ন মশাবাহিত রোগের প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে জমে থাকা পানি, আগাছা ও বর্জ্য অপসারণ করা হয়। একই সঙ্গে উপজেলা পরিষদ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সরকার, এনসিপির উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম, কাউনিয়া থানার এসআই রমজান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এর আগে উপজেলা পরিষদ সভাকক্ষে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সচিত্র প্রদর্শনীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশ নেন।