পঞ্চগড়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর থানাধীন পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মেইন গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার পঞ্চগড়ের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসআই আবু হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে কনস্টেবল সাওনসহ ডিবির অন্যান্য সদস্যরা অংশ নেন।

অভিযানের ধারাবাহিকতায় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মেইন গেট সংলগ্ন মামা-ভাগিনা হোটেলের সামনে পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের দলটি।

এ সময় সেখানে তিন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের তল্লাশি করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. বিপ্লব (৩০), পিতা-জালাল; সবুজ ইসলাম (২৪), পিতা-আবু বক্কর সিদ্দিক এবং সুজন ইসলাম (২৬), পিতা-আনোয়ার হোসেন। তাদের সবার ঠিকানা পুরাতন ক্যাম্প ঈদগাহ মাঠ, রামেরডাঙ্গা, থানা ও জেলা পঞ্চগড়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর উদ্ধার করা ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জব্দ করা দুটি মোবাইল ফোন আইনানুগ প্রক্রিয়ায় হেফাজতে নেওয়া হয়। পরে গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পঞ্চগড় সদর থানায় নেওয়া হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পক্ষ থেকে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।