ভূমি সেবায় স্বচ্ছতা আনয়ন, সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস এবং দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করে ময়মনসিংহে সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আজিম উদ্দিন। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে রাজস্ব সংক্রান্ত সেবা সহজলভ্য করতে তিনি গ্রহণ করেছেন নানামুখী জনকল্যাণমুখী পদক্ষেপ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই নামজারি (খারিজ), খাস জমি বণ্টন ও অর্পিত সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তিতে বিশেষ জোর দেন এই কর্মকর্তা। প্রশাসনিক জটিলতা এড়িয়ে সাধারণ মানুষ যেন সরাসরি সেবা পেতে পারেন, সেই লক্ষ্যে তিনি নিয়মিত উন্মুক্ত শুনানির আয়োজন করে আসছেন। ফলে মধ্যস্বত্বভোগী ও দালাল চক্রের দৌরাত্ম্য উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

সরজমিনে সেবা নিতে আসা ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যায় এডিসির সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন তারা। সরকারি অফিসে কাজের গতি বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের প্রতি তাঁর আন্তরিক ও সহমর্মীতাপূর্ণ আচরণ সেবাগ্রহীতাদের মনে স্বস্তি ও গভীর আস্থা ফিরিয়ে এনেছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আজিম উদ্দিন বলেন, “ভূমি সেবা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কোনো ধরনের হয়রানি ছাড়াই জনগণ যেন দ্রুত ও নির্বিঘ্নে সেবা পান, সেই লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি। ডিজিটাল ভূমি সেবাকে তৃণমূল মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

ময়মনসিংহের সর্বস্তরের জনগণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, প্রশাসনিক পদে থেকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় ভূমি ব্যবস্থাপনায় এক ইতিবাচক ও যুগান্তকারী পরিবর্তন আনবে।