নওগাঁ শহরে সদ্য উদ্বোধন করা AI Connected Digital Surveillance Camera (Third Eye)-এর নজরদারিতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও সড়কে মোটরসাইকেল রেখে অবৈধ পার্কিংয়ের অভিযোগে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। একই সঙ্গে সড়কে অবৈধ পার্কিংয়ের দায়ে চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর AI Connected Digital Surveillance Camera-এর মাধ্যমে দেখা যায়, বালুডাঙ্গা জেলখানা রোডে জেলখানার সামনে চারটি মোটরসাইকেলসহ কয়েকজন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন। এ সময় তারা সড়কের ওপর মোটরসাইকেল রেখে অবস্থান করছিলেন।

বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে নওগাঁ সদর থানার মোবাইল পেট্রোল টিমকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে মুচলেকা নিয়ে সতর্ক করে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

তবে সড়কের ওপর অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করার কারণে চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে AI Connected Digital Surveillance Camera-এর মাধ্যমে ‘Third Eye’ নজরদারি কার্যক্রম চালু করা হয়েছে। ঢাকা বাস টার্মিনাল থেকে মুক্তির মোড় হয়ে বালুডাঙ্গা বাস টার্মিনাল, সেখান থেকে পুলিশ লাইন পর্যন্ত এবং বালুডাঙ্গা থেকে জেলখানা রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জংশন পয়েন্ট এই নজরদারির আওতায় রয়েছে।

পুলিশের এই প্রযুক্তিনির্ভর নজরদারির ফলে শহরের অপরাধ নিয়ন্ত্রণ, সন্দেহজনক গতিবিধি শনাক্তকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি নওগাঁ শহরকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করা সম্ভব হবে বলে আশা করছে জেলা পুলিশ।