শেরপুর পৌরসভা কর্তৃক আদায় করা রোড নিবন্ধন ফি অর্ধেক করা এবং চেকপোস্টের মাধ্যমে গাড়ির নিবন্ধন ও সিরিয়াল চেকিংয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে শেরপুর শহরের নিউমার্কেট এলাকায় শেরপুর জেলা ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, চালক ও শ্রমিকরা অংশ নেন।
সংগঠনটির আহ্বায়ক জুলহাস উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সদস্য সচিব আশরাফুল আলম, সুলাইমান হোসেন, গোলাম রব্বানী, শাহিনুর রহমান শাহিন, তারেক মিয়াসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে রোড নিবন্ধন ফি পরিবহনসংশ্লিষ্টদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। তাই জনস্বার্থ ও পরিবহন খাতের বাস্তবতা বিবেচনা করে শেরপুর পৌরসভা কর্তৃক আদায় করা রোড নিবন্ধন ফি অর্ধেকে নামিয়ে আনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, গাড়ির নিবন্ধন ও সিরিয়াল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে সেখান থেকেই গাড়ির নিবন্ধন ও সিরিয়াল চেকিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন। এতে অনিয়ম ও হয়রানি কমার পাশাপাশি পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে বলে দাবি করেন তারা।
মানববন্ধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন বক্তারা।
মানববন্ধন শেষে শেরপুরের জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।