৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী শেখ মিশা খাতুন। কিন্তু ঢাকায় পৌঁছানোর আগেই গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে শেখ মিশা খাতুনসহ কয়েকজন হতাহত হন।

নিহত শেখ মিশা খাতুন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর খুলনা কার্যালয়ে পরীক্ষক (কেমিক্যাল) পদে কর্মরত ছিলেন। কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও নিজের ক্যারিয়ারকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ৫০তম বিসিএসের ভাইভায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

সেই স্বপ্ন পূরণের প্রত্যয়েই খুলনা থেকে ঢাকার পথে যাত্রা করেছিলেন মিশা। নিয়তির নির্মম পরিহাসে ঢাকায় পৌঁছে ভাইভায় অংশ নেওয়া আর হয়ে ওঠেনি তাঁর। ঢাকার উদ্দেশে শুরু করা সেই যাত্রাই হয়ে গেল তাঁর জীবনের শেষ যাত্রা।

শেখ মিশা খাতুনের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর স্বপ্ন, মেধা ও সম্ভাবনাময় কর্মজীবনের এমন আকস্মিক সমাপ্তিতে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোক।