সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ছালা ভরা বাজার ধীরে ধীরে ফার্নিচার শিল্পের একটি পরিচিত কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।
স্থানীয় কারিগরদের দক্ষ হাতে তৈরি খাট, আলমারি, ডাইনিং টেবিল, সোফা সেট সহ নানা ধরনের আসবাব পত্র এখন দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। ফলে এই শিল্পকে ঘিরে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। প্রতিদিন সকাল থেকেই এই বাজারের ফার্নিচার কারখানাগুলোতে শুরু হয় ব্যস্ততা। কাঠ কাটা, ডিজাইন তৈরি, ঘষামাজা রং ও পালিশ, সব মিলিয়ে দিনভর চলে কর্মচঞ্চল্য। অর্ডার অনুযায়ী তৈরি আসবাবপত্র ট্রাক ও পিকআপ যোগে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, উন্নত মানের কাঠ, আকর্ষণীয় নকশা এবং তুলনামূলক সাশ্রয়ী মূল্যের কারণে ছালাভরা বাজারের ফার্নিচারের চাহিদা দিন দিন বাড়ছে। এই শিল্পকে কেন্দ্র করে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। যা স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলছে।
শ্রমিকদের ভাষ্য, এক সময় কাজের অভাবে অনেকে অন্য এলাকায় পাড়ি জমাতেন এখন নিজ এলাকাতেই কাজের সুযোগ পাওয়ায় পরিবারের আর্থিক অবস্থার উন্নত হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ ঋণ সুবিধা এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা হলে কাজিপুরের ছালা ভরা বাজার দেশের অন্যতম বৃহত্তর শিল্প কেন্দ্রে পরিণত হতে পারে।