বেনীদুয়ারে উৎসবমুখর পরিবেশে খেলায় মাতলেন ফুটবলপ্রেমীরা। নওগাঁর ধামইরহাট উপজেলার বেনীদুয়ার গ্রামে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ‘আদিবাসী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় বেনীদুয়ার ফুটবল মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠে জড়ো হতে থাকেন স্থানীয় ফুটবলপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।
বেনীদুয়ার গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে আদিবাসী সম্প্রদায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিযোগিতাটি বেশ জমজমাট হয়ে ওঠে। ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উৎসাহ।
ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আখরাজুল ইসলাম চৌধুরী।
এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।