নওগাঁর বদলগাছি থেকে চুরি হওয়া ইয়ামাহা R15 মোটরসাইকেল রংপুর জেলার পীরগঞ্জ থেকে উদ্ধার করেছে নওগাঁ জেলা পুলিশ। এ ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬ বিকেল ৩টার দিকে ফুয়াদ নামের এক ব্যক্তি বদলগাছি থানাধীন শ্রীকৃষ্ণপুর এলাকায় জনৈক হামিদুলের বাড়িতে বিয়ের দাওয়াতে যান। তিনি বাড়ির বাইরে তার ইয়ামাহা R15 মোটরসাইকেল রেখে দাওয়াতে অংশ নেন। পরে দাওয়াত শেষে বাইরে এসে দেখতে পান, তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।

বিষয়টি নওগাঁর পুলিশ সুপার জানতে পেরে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বদলগাছি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। একই সঙ্গে চোরচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করা হয়। এর ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও বদলগাছি থানা পুলিশের একটি বিশেষ টিম রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে।

অভিযানে গত ৪ সেপ্টেম্বর ২০২৬ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ১. শ্যাম কুমার (২২), পিতা—উত্তম কুমার, গ্রাম—শীতলগাড়ী নয়াপাড়া, থানা—মিঠাপুকুর, জেলা—রংপুর।
২. শহিদুল ইসলাম (৪১), পিতা—তোজাম্মেল মন্ডল, গ্রাম—লালদিঘী আরিজপুর, থানা—পীরগঞ্জ, জেলা—রংপুর।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শহিদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যাম কুমারের হেফাজত থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দুই আসামিকে নওগাঁয় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় চোরচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।