ময়মনসিংহের ত্রিশালে নিয়ম-নীতির তোয়াক্কা না করে কৃষিজমিতে গড়ে তোলা হয়েছে অবৈধ সীসা তৈরির কারখানা। পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা বের করার ফলে নির্গত বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক পদার্থে স্থানীয় পরিবেশ, ফসলি জমি এবং জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিঘোরকান্দা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন বৈলর ইউনিয়নের নামাপাড়া এলাকায় কৃষিজমি ভাড়া নিয়ে এসব অবৈধ কারখানা গড়ে তোলা হয়েছে। পরিবেশ অধিদপ্তর বা স্থানীয় প্রশাসনের কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই কারখানাগুলো দিন-রাত পরিচালিত হচ্ছে। বিশেষ করে রাতের আঁধারে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা বের করার সময় পুরো এলাকা বিষাক্ত এসিডের গন্ধে ভরে যায়।
স্থানীয় কৃষকদের মতে, বিষাক্ত এই ধোঁয়ার প্রভাবে আশেপাশের ধানের জমি ও ফলমূল নষ্ট হচ্ছে। একই সাথে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা, দেখা দিচ্ছে শ্বাসকষ্টসহ নানা জটিল রোগ।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মাহবুবুর রহমান জানান, “কৃষিজমিতে অনুমোদনহীন ও অবৈধভাবে সীসা বা ব্যাটারি পোড়ানোর কারখানা গড়ে তোলার বিষয়ে আমরা তথ্য পাচ্ছি। কোনো প্রকার ছাড়পত্র বা নিয়মনীতির তোয়াক্কা না করে পরিচালিত এসব পরিবেশদূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ কারখানার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”