শেরপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় নারী উদ্যোক্তার মধ্যে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ে নারী উদ্যোক্তা ইসরাত পুতুলের হাতে এসব উপকরণ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বনানী দেবনাথ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মাসুদ রানা, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলা কৃষি বিপণন অধিদপ্তর সূত্রে জানা গেছে, সম্প্রতি খুলনা ও ঢাকায় সারাদেশ থেকে দুই দফায় ২৫ জন করে মোট ৫০ জন নারী উদ্যোক্তাকে নিয়ে ৬ দিনব্যাপী ‘ন্যাচারাল রঞ্জক (ডাই) এবং ফুড কালার তৈরির কলাকৌশল’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষণে শেরপুর থেকে একমাত্র নারী উদ্যোক্তা হিসেবে ইসরাত পুতুল অংশগ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য তাকে এক লাখ টাকা সমমূল্যের একটি করে স্ট্রিম মেশিন, ব্লেন্ডার ও ইনফিনিটি চুলা প্রদান করা হয়।

উপকরণ বিতরণের আগে ইসরাত পুতুলের তৈরি ন্যাচারাল খাদ্যদ্রব্য এবং ফলের রং থেকে তৈরি বিভিন্ন খাদ্যদ্রব্য ও নানান পোশাকের ডিজাইন প্রদর্শন করা হয়।