শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও চোরাচালানে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সদস্যরা কর্ণজোড়া সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস ও চোরাচালানি পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়। জব্দ করা ভারতীয় কসমেটিকস ও ইজিবাইকসহ অন্যান্য চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।