পঞ্চগড় সদর উপজেলার মাগুরা সিপাহীপাড়া উচ্চ বিদ্যালয়ের এক অফিস সহায়কের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকা, দায়িত্ব পালনে গাফিলতি এবং অনুমতি ছাড়াই বিদ্যালয় ত্যাগের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিদ্যালয়ের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসায়িক কাজে সময় দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগের মুখে থাকা কর্মচারীর নাম আতোয়ার রহমান। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে তিনি পরিচ্ছন্নতাকর্মী হিসেবে বিদ্যালয়ে যোগদান করেন। তবে ২০২৫ সালের জুন মাসের পর থেকে তার উপস্থিতি নিয়ে নানা অনিয়মের অভিযোগ সামনে আসে।

বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, সপ্তাহে পাঁচ দিন বিদ্যালয়ের কার্যক্রম চললেও অনেক সময় আতোয়ার রহমান কর্মস্থলে এসে মাত্র এক থেকে দুই ঘণ্টা অবস্থান করেন। এরপর প্রধান শিক্ষকের অনুমতি ছাড়াই বিদ্যালয় থেকে চলে যাওয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে পঞ্চগড়ের বিভিন্ন স্থানে গরুর হাট বসার দিনগুলোতে বিদ্যালয়ের দায়িত্বের পরিবর্তে তিনি গরুর ব্যবসায়িক কাজে যুক্ত থাকেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নোটিশের কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামিল হোসেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, কোনো কর্মচারী নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকলে এবং দায়িত্ব পালনে অবহেলা করলে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে আতোয়ার রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ওই সময় গরুর হাটে থাকার কথা জানান। এ বিষয়ে পরে বিস্তারিত কথা বলবেন বলে জানান তিনি।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী বলেন, কোনো কর্মচারীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, অনিয়মিত উপস্থিতি কিংবা অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।