নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘শাহজাদপুর নারী উদ্যোক্তা মেলা ২০২৬’। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় যুব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় শাহজাদপুরে সরকারি কলেজ মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সাবরিনা শারমিন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ,উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “নারীরা আর ঘরের কোণে সীমাবদ্ধ নেই। আজকের নারীরা নিজেদের মেধা ও শ্রম দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। শাহজাদপুরের এই মেলা নারী উদ্যোক্তাদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, এই মেলা তারই একটি অংশ।”
এবারের মেলায় শাহজাদপুর উপজেলা এবং আশেপাশের এলাকা থেকে আগত নারী উদ্যোক্তাদের প্রায় ৫০টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলোতে শোভা পাচ্ছে নারীদের হাতে তৈরি বাহারি কারুপণ্য, হাতে বোনা কাপড়, দেশীয় পোশাক, পাটজাত পণ্য, মাটির তৈরি জিনিসপত্র, ঐতিহ্যবাহী খাবার, প্রসাধনী এবং বিভিন্ন হস্তশিল্প।
সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ করে দুপুরের পর থেকে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে নারী-পুরুষ ও শিশুদের পদচারণায়। স্টল মালিকরাও ব্যস্ত সময় পার করছেন তাদের পণ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরতে।
মেলার অংশগ্রহণকারী কয়েকজন নারী উদ্যোক্তা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এই মেলার মাধ্যমে তারা তাদের পণ্যের প্রচার ও প্রচারের একটি চমৎকার সুযোগ পেয়েছেন। তারা আরও বলেন, এ ধরনের মেলা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং নতুন নতুন ক্রেতা খুঁজে পেতে সাহায্য করে।
মেলায় পণ্য কিনতে আসা কয়েকজন দর্শনার্থী জানান, এক জায়গায় এতো ধরনের দেশীয় ও হাতে তৈরি পণ্য পেয়ে তারা আনন্দিত। তারা পণ্যের গুণমান এবং দামেও সন্তোষ প্রকাশ করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনের এই মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্যোক্তাদের জন্য সেমিনার এবং শ্রেষ্ঠ স্টল নির্বাচনের আয়োজন রয়েছে।