পঞ্চগড়, ১ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে বিএনপির মৎস্যজীবী দল। মৎস্যসম্পদ সংরক্ষণ ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নদী ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পঞ্চগড় সদর উপজেলা ও পৌরসভা মৎস্যজীবী দলের উদ্যোগে সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ১০ কেজি এবং তালমা নদীর মৎস্য অভয়ারণ্যে ২০ কেজি মাছের পোনা ছাড়া হয়।
কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এ সময় সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুস শহিদ বাবু, পঞ্চগড় পৌর বিএনপির ১ নম্বর সদস্য শামসুজ্জামান বিপ্লব, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দবানু মুক্তিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রব রঞ্জন, সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম এবং পৌর মৎস্যজীবী দলের সভাপতি মনির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মসূচিতে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও মানুষের জীবিকার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। নদী-নালা ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণেও ভূমিকা রাখা সম্ভব।

সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুস শহিদ বাবু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে জনকল্যাণের সঙ্গে সম্পৃক্ত করার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্যসম্পদ রক্ষা ও সাধারণ মানুষের অর্থনৈতিক স্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

মৎস্যজীবী দলের নেতারা জানান, নদী ও প্রাকৃতিক জলাশয়ের মাছের প্রজনন বাড়ানো, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবিকা সুরক্ষায় ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।