নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ের দেবীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নিয়েছেন জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে দেবীগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন জেলা আমির। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডে দোকান ও মালামালের ক্ষয়ক্ষতির কথা তার কাছে তুলে ধরেন। মাওলানা ইকবাল হোসেন তাদের কথা শোনেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নাপিত নিরেন শর্মাকে কে নতুন করে ব্যবসা শুরু করার জন্য প্রাথমিকভাবে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা করেন জেলা জামায়াতের আমির। সহায়তা পেয়ে নিরেন নতুন করে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে মাওলানা ইকবাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের এই ক্ষতি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। জামায়াতে ইসলামী সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার চেষ্টা করবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরায় ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী, দেবীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি আমির হোসেন এবং দেবীগঞ্জ উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।