গাছ লাগাই, পরিবেশ ও প্রকৃতি বাঁচাই-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর চট্টগ্রামের পরিবেশ সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া)’র যৌথ উদ্যোগে আজ (৩০ সেপ্টেম্বর) রবিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন দুই ইউনিয়নের দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের জাহানপুর আমজাদ আলী আবদুল হাদী ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হলো এক পরিবেশ বিষয়ক আলোচনা ও পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন।
এ সংক্ষিপ্ত পরিবেশ আলোচনা ও সচেতনতা ক্যাম্পেইন জাহানপুর আমজাদ আলী আব্দুল হাদী ইনস্টিটিউশনের অডিটোরিয়াম স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিন। সংগঠক মোহাম্মদ তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদিয়া)’র প্রচার সমন্বয়ক মহিউদ্দিন এনায়েত।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ড. বখতিয়ার উদ্দিন বলেন, পরিবেশ বিপর্যয়ের হাত থেকে নিজে বাঁচতে এবং পৃথিবীকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচির বিকল্প নেই। আমরা যতবেশি বৃক্ষরোপণ করব এবং পরিবেশ রক্ষায় সচেতন হবো ততবেশি আমরাই উপকৃত হবো। তাই বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিতে সকল শিক্ষার্থীরাই রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তাদের হাত দিয়ে রক্ষা হবে আমাদের আগামীর পরিবেশের ভবিষ্যৎ।
একই দিন বিকাল ৪টায় ১নং বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতেও বিভিন্ন অতিথি ও শিক্ষকবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা ও পরিবেশ সচেতনতা ক্যাম্পিং এ বক্তব্য রাখেন।
অনলাইনে সংযুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দারুল ইরফান রিসার্চ ইন্সটিটিউটের ম্যানেজিং ট্রাস্টি ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান, আওলাদে রাসুল (স.), নায়েবে সাজ্জাদানশীন, দরবারে গাউছুল আজম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.জি.আ)। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও টিকিয়ে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর আগামী উপহার দিতে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে শিক্ষার্থীরা।
এই দুই স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ফলদ, বনজ, ঔষধী ও সৌন্দর্য বৃদ্ধিতে ফুলের চারা বিতরণ করা হয়। চারা পেয়ে সকল শিক্ষার্থীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে এবং পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে।
প্রতিনিধিঃ স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম