বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদ ও ইনিশিয়েটিভস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের (আইএসডিআরএফ) যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘বৃক্ষে বৃক্ষে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির আওতায় আম, পেয়ারা, মালটাসহ অর্ধশতাধিক ফলজ ও শোভাবর্ধক গাছের চারা রোপণ করা হয়।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় ভেটেরিনারি অনুষদ প্রাঙ্গণে গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, আইএসডিআরএফের সহসভাপতি মো. আনিসুর রহমান এবং ঐ অনুষদের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আইএসডিআরএফের সহসভাপতি মো. আনিসুর রহমান বলেন, আমরা লক্ষ্য করেছি যে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, তার প্রত্যেকটিই সবুজে এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ । কিন্তু সেখানে কেবল কাঠের গাছের আধিক্যই বেশি, ফলজ গাছের সংখ্যা একেবারেই কম । ফলজ গাছ কমে যাওয়ার কারণে আমাদের চারপাশের জীবন্ত পশুপাখিগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠান এই লক্ষ্যেই একটি ক্ষুদ্র উদ্যোগ নিয়েছে । আমরা চেষ্টা করছি বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেন ফলজ বৃক্ষ রোপণ করা যায়, যাতে করে পশুপাখিরা ফল খেতে পারে, আমাদের শিক্ষার্থীরা খেতে পারে এবং একই সাথে পরিবেশেরও দারুণ উপকার হয়।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, আমি আশা করব, আজকে যে গাছগুলো লাগানো হয়েছে, সবাই মিলে সেগুলোর যত্ন ও পরিচর্যা করব। ভবিষ্যতে এসব গাছে ফলন হলে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাই উপকৃত হবেন। বর্তমানে এখানে থাকা পুরোনো গাছগুলোর জায়গা একসময় নতুন গাছগুলো পূরণ করবে। তাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে গাছগুলোর সর্বোচ্চ পরিচর্যা নিশ্চিত করতে হবে। তবেই আজকের এ কর্মসূচি সত্যিকার অর্থে সফল ও অর্থবহ হবে।