পটুয়াখালীর গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় আগুন লাগার পরপরই তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে স্থানীয় ব্যবসায়ী মরহুম আব্দুল খালেক পঞ্চায়েতের বসতঘরটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী মিলন বলন জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উলানিয়া বন্দরে আগুন লাগার খবর শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, বসতঘরটি দাউ দাউ করে জ্বলছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ঘরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
গলাচিপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. জাকির হাসান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।