​শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, “জাতির উন্নয়নের মূল ভিত্তি মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

​সভায় গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, পাঠদানের মান উন্নয়ন এবং অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা ও পরামর্শ তুলে ধরা হয়।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুরুদাসপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ লুৎফুর রহমান, সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিপি রানী সরকার, মোল্লাবাজার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাহমুদুল হক আলেক, খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান এবং নূর মোহাম্মদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হারুনুর রশিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।

​পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা রেখা।

​মতবিনিময় সভায় বক্তারা একমত পোষণ করে বলেন, শিক্ষার মানোন্নয়ন কেবল সরকারের একক দায়িত্ব নয়; বরং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি কার্যকর ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব। গুরুদাসপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গুণগত মান আরও একধাপ এগিয়ে নিতে এ ধরনের মতবিনিময় সভা ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।