বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে শহরের মাধবপুর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলা স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখরিত র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

পরে থানার মোড় মুক্তমঞ্চে পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এবং সদস্যসচিব নেয়ামুল হাসান আনন্দের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম ভিপি, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চান, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, জেলা কৃষক দলের সভাপতি শফিউল ইসলাম গোল্ডেন, সাবেক ছাত্রদল সভা

পতি আকামুজ্জামান রাহাত, শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্যসচিব জাফর আলী সাহাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে এ বি এম মামুনুর রশিদ পলাশ বলেন, “স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে। দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা আলহাজ্ব মো. হযরত আলী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং নেতাকর্মীদের নতুন করে ঐক্যবদ্ধ ও উজ্জীবিত হওয়ার সুযোগ। সংগঠনের স্বার্থে সব ধরনের বিভেদ ভুলে নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভাকে ঘিরে শেরপুর শহরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।