শেরপুরের নকলায় ডিবি পুলিশ পরিচয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে কাজল মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক কাজল মিয়া নকলা পৌরসভার ফেরুষা মহল্লার জবান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) রাতে কাজল মিয়া তার আরও তিন সহযোগীকে নিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চিথলিয়া বাজারে যান। সেখানে চিথলিয়া পূর্ব গ্রামের আয়ুব আলীর পকেট থেকে ৯ হাজার ৬০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

ঘটনাটি সন্দেহজনক মনে হলে পরদিন সোমবার রাতে আয়ুব আলী কয়েকজন সহযোগীকে নিয়ে গণপদ্দী এলাকায় কাজলকে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, কাজল মিয়া ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় চিথলিয়া পূর্ব গ্রামের আয়ুব আলী বাদী হয়ে লিখিত অভিযোগ করলে নকলা থানায় মামলা করা হয়েছে।

মামলার পর আটক কাজল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।