‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য দপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মিনারা হাফিজা ফেরদৌস।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ আর এম আল মামুন, উপজেলা প্রকৌশলী ইন্তাজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, আইসিটি কর্মকর্তা মৃত্যুঞ্জয়, ইসলামিক আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইদ্রিস আলী এবং উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আশরাফুল ইসলামসহ অন্যান্য অতিথি।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, অপরিকল্পিতভাবে জলাশয় ভরাট, পানিদূষণ, অবৈধ জাল ও ক্ষতিকর উপায়ে মাছ শিকার এবং প্রজনন মৌসুমে মা মাছ নিধন দেশের মৎস্য সম্পদের জন্য বড় হুমকি। এসব অপতৎপরতা বন্ধে প্রশাসন, মৎস্য বিভাগ, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় মাছ চাষে নিরাপদ ও পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ, মৎস্যজীবীদের সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে পৌঁছে দেওয়া, মাছের গুণগত মান ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জলাশয়ের পরিবেশ সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।