গোপালগঞ্জে অনলাইনে জুয়া খেলার অভিযোগে মো. শিপন মিয়া (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। ডিবির দাবি, ওই মোবাইল ফোনে ৫১টি অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জের একটি দল গোপালগঞ্জ সদর থানাধীন পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চর সোনাকুর সাকিন এলাকার সিও অফিস মোড়সংলগ্ন একটি রিকশার গ্যারেজে অভিযান চালায়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় শিপন মিয়াকে আটক করা হয়। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত বিলায়েত মিয়া এবং মাতা সুপিয়া বেগম।
ডিবির পক্ষ থেকে জানানো হয়, আটকের সময় শিপন মিয়া NBAJEE নামের একটি অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া খেলছিলেন বলে পুলিশ দেখতে পায়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে পর্যালোচনা করা হলে সেখানে মোট ৫১টি অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা থাকার তথ্য পাওয়া যায়।
পুলিশের দাবি, শিপন মিয়া দীর্ঘদিন ধরে এসব অ্যাপ ব্যবহার করে অনলাইনে জুয়া খেলে আসছিলেন এবং তিনি একজন পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন।
এ ঘটনায় গ্রেফতার শিপন মিয়ার বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জ।