জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক র্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তর, গোয়ালন্দ, রাজবাড়ীর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে মৎস্য চাষি, মৎস্যজীবী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য সড়ক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সফল মৎস্য চাষীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আয়োজনে: উপজেলা মৎস্য দপ্তর, গোয়ালন্দ, রাজবাড়ী।