“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বোদা পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর, কৃষি কর্মকর্তা রাশেদুন্নবী ও প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বোদা উপজেলায় মৎস্য উৎপাদন আরও বাড়ানোর পাশাপাশি উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনজন মৎস্যজীবী ও সেরা উদ্যোক্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।