পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করছেন স্থানীয় শ্রমিকেরা। কোনো ভারী যন্ত্র বা ‘বোমা মেশিন’ ব্যবহার না করে শ্রমিকদের সম্মিলিত পরিশ্রমে নদীর তলদেশ থেকে বালু ও পাথর তুলে সংগ্রহ করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা দড়ি, বাঁশ ও লোহার তৈরি জাখলা বা বড় বেলচার সাহায্যে নদীর পানির নিচ থেকে বালু-পাথর উত্তোলন করছেন। একদল শ্রমিক দড়ি টেনে বাঁশের কাঠামো ওপরে তোলেন। অন্যদিকে পানির নিচে থাকা শ্রমিক জাখলার মাধ্যমে বালু ও পাথর তুলে ডোঙায় জমা করেন। পরে ডোঙা থেকে বালু আলাদা করে পাথর সংগ্রহ করা হয়।

শ্রমিকেরা জানান, সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনে সময় ও শ্রম বেশি প্রয়োজন হয়। এরপরও জীবিকা নির্বাহের জন্য তারা দীর্ঘদিন ধরে এ পদ্ধতিতে কাজ করে আসছেন। তাদের মতে, যন্ত্রের পরিবর্তে শ্রমনির্ভর পদ্ধতিতে নদী থেকে পাথর উত্তোলন করা হলে পরিবেশের ওপর ক্ষতির আশঙ্কাও তুলনামূলকভাবে কম থাকে।

স্থানীয়দের ভাষ্য, তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ‘বোমা মেশিন’ ব্যবহার করে পাথর উত্তোলনের অভিযোগ রয়েছে। এমন যন্ত্র ব্যবহারের কারণে নদীর তলদেশের স্বাভাবিক গঠন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তাই স্থানীয় শ্রমিকদের একটি অংশ নদীতে বোমা মেশিনের ব্যবহার না চেয়ে সনাতন পদ্ধতিতে কাজের সুযোগ চান।

শ্রমিকদের দাবি, প্রশাসনের নিয়ম-কানুন মেনে পরিবেশের ক্ষতি না করে তারা নদী থেকে পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করতে চান। পাশাপাশি অবৈধ যন্ত্রের ব্যবহার বন্ধ রেখে শ্রমিকনির্ভর পাথর উত্তোলনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি কামনা করেছেন তারা।