ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার কানাইরটেক এলাকায় গরু চুরির ঘটনায় চোর সন্দেহে আটক দুইজনকে আদালতে পাঠিয়েছে চরভদ্রাসন থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাদের আদালতে প্রেরণ করা হয়।

থানা ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চরসুলতানপুর দোপাডাঙ্গী গ্রামের বাসিন্দা মোঃ সাজাহান সেক (৬০) গত ৩১ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যায় তার বসতবাড়ির পূর্ব পাশে অবস্থিত গোয়ালঘরে চারটি গরু বেঁধে তালাবদ্ধ করে রাখেন। পরদিন ১ আগস্ট ভোরে তিনি দেখতে পান, গোয়ালঘরের তালা ভাঙা এবং চারটি গরুর মধ্যে দুটি দেশি জাতের ষাঁড় চুরি হয়ে গেছে। চুরি হওয়া গরু দুটির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা।

ঘটনার পর ভুক্তভোগী বিভিন্ন স্থানে গরু খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে চরভদ্রাসন থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের একপর্যায়ে গরু চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আজ আদালতে পাঠানো হয়েছে।

তবে মামলার সঙ্গে জড়িত আরও দুইজন সন্দেহভাজনকে এখনো আটক করা সম্ভব হয়নি। এছাড়া চুরি হওয়া দুটি গরুও এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।

চরভদ্রাসন থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। পলাতক সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং চুরি হওয়া গরু উদ্ধারে অভিযান চলমান রয়েছে।