পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১০ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভাণ্ডারিয়া থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. সোহাগ বেপারী (১৯), পিতা ইদ্রিস বেপারী, সাং দক্ষিণ ভাণ্ডারিয়া৷ নয়ন (২১), পিতা সাকায়েত হোসেন মন্টু, সাং শ্রীপুর৷ তাজেল হাং (৪২), পিতা আব্দুল বারেক হাং, সাং উত্তর শিয়ালকাঠী৷ মো. আনোয়ার হোসেন (৪৯), পিতা আলী হোসেন হাং, সাং ভিটাবাড়িয়া ৫ নম্বর ওয়ার্ড এবং হৃদয় হালদার (১৯), পিতা প্রমাংশু হালদার, সাং গৌরীপুর।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের জারি করা ওয়ারেন্ট ছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পিরোজপুরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।
ভাণ্ডারিয়া থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, পলাতক আসামি গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।