গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১০ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়।

নিহত জাবেদ আলী শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় সড়ক পার হচ্ছিলেন জাবেদ আলী। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এতে তিনি সড়কের মাঝের বিভাজক আইল্যান্ডের সঙ্গে আঘাত লেগে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত জাবেদ আলী চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা গেছেন। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

ওসি আরও জানান, জাবেদ আলী কী উদ্দেশ্যে চিতলমারী থেকে টুঙ্গিপাড়ায় এসেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেল ও চালকের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।