গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতা দলীয় পদ ও রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান।

পদত্যাগকারীরা হলেন—মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুলকার মোল্লা, বহুগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুকদেব রায়, বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মহিতোষ বাড়ৈ, কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রমেন্দ্রনাথ টিকাদার, একই ইউনিয়নের সদস্য মৃণাল কান্তি সরকার এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল টিকাদার।

সংবাদ সম্মেলনে জুলকার মোল্লা তার লিখিত বক্তব্যে জানান, আওয়ামী লীগের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড ও নীতির সঙ্গে তার ব্যক্তিগত আদর্শ, নীতি ও বিশ্বাসের পার্থক্য তৈরি হয়েছে। এ কারণে তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, পদত্যাগের পর আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পৃক্ততা থাকবে না।

অন্য পাঁচ নেতা তাদের যৌথ লিখিত বক্তব্যে বলেন, তারা আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে দলের বিভিন্ন কর্মকাণ্ড ও নীতির সঙ্গে তাদের ব্যক্তিগত আদর্শ, নীতি ও বিশ্বাসের অসামঞ্জস্য তৈরি হওয়ায় তারা দলীয় পদ এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন।

সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দেন।