মোঃ সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী খেইশ্বর গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী একটি প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় অংশ নেয় বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশ। স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় খেলার ফল নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে অবিবাহিত একাদশ ১ গোলের ব্যবধানে বিজয় নিশ্চিত করে শিরোপা জয় করে। পরে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল জলিল মাস্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সদস্য হৃদয় আহমেদ রহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা রনি এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলাটি উপভোগ করেন।

আয়োজকদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং খেলোয়াড়দের দৃষ্টিনন্দন পারফরম্যান্সে পুরো ম্যাচটি ছিল প্রাণবন্ত ও উপভোগ্য। উপস্থিত দর্শকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।