র‌্যাব-১২, সিরাজগঞ্জের একটি আভিযানিক দল উল্লাপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০৪ বোতল স্ক্যাফ উদ্ধার এবং এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-১২ জানায়, অধিনায়কের দিকনির্দেশনায় গত ৫ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৬টার দিকে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া মডেল থানাধীন পাইকপাড়া মোড়ে মো. গোলাম মোস্তফার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ১০৪ বোতল স্ক্যাফসহ মোছা. রাশেদা টুলু (৬৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাশেদা টুলুর পিতা মৃত মোকছেদ প্রামাণিক এবং স্বামী মৃত আয়নাল হক। তাঁর বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার গাঙমাতাল এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্ক্যাফ সংগ্রহ করে সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।