প্রবল বৃষ্টি উপেক্ষা করেই জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
প্রবল বৃষ্টি উপেক্ষা করেই জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি ঈশ্বরগঞ্জ মারকাজ মসজিদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ময়মনসিংহ জেলা শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মানিক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ‘জুলাই সনদ’ অনতিবিলম্বে কার্যকর করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
সমাবেশে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ত্বহা, ডিএস কামিল মাদ্রাসা শাখার সভাপতি শিহাবুল ইসলাম, একই মাদ্রাসা শাখার সেক্রেটারি মুতাসিম বিল্লাহ এবং উপজেলা শাখার প্ল্যান অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মুরছালিন।
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং দেশ গঠনে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।