‘জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমে জুলাই শহিদ যোদ্ধা রিতা আক্তারের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে (নতুন ভবন) দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুব আলমের তত্ত্বাবধানে এবং উপজেলা পরিষদের সিএ এস এম শওকতের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করেন হাতিয়র কামিল মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা মো. সেলিম রেজা।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম, কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম ফিতা, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মো. মৌদুদ আলম, জুলাই যোদ্ধা মো. তানিম সরকার এবং কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুনুর রশিদ, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বকুল, জয়পুরহাট চেম্বার অব কমার্সের পরিচালক ও আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল খায়ের গোলাম মাওলাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন।
এছাড়া কালাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পেশ ইমাম ও খতিব শায়খ মোহাম্মদ মামুনূর রশীদের নেতৃত্বে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।