পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। গ্রামে বড় ড্রেন নির্মিত থাকলেও রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি ড্রেনে প্রবেশ করতে না পারায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকে। ভারী বর্ষণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

স্থানীয়দের অভিযোগ, ড্রেনের প্রবেশমুখ সঠিকভাবে সংযুক্ত না থাকায় রাস্তার পানি ড্রেনে পৌঁছাতে পারছে না। ফলে দিনের পর দিন সড়কের ওপর পানি জমে থাকছে। এতে পথচারীদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে এবং যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। পানি জমে থাকার কারণে রাস্তার বিভিন্ন অংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভাঙনের ঝুঁকি বাড়ছে।

এলাকাবাসী আরও জানান, ড্রেনের ওপর দিয়ে চলাচলের জন্য পূর্বে কিছু অংশ ব্যবহার করা গেলেও বর্তমানে প্রভাবশালী ব্যক্তিদের দখলের কারণে সেই পথও প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে মানুষ বাধ্য হয়ে জমে থাকা পানির মধ্য দিয়েই চলাচল করছে, যা শিশু, বৃদ্ধ ও সাধারণ পথচারীদের জন্য মারাত্মক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মাস্টারপাড়া গ্রামের বাসিন্দাদের দাবি, দ্রুত কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে রাস্তায় কোনো ধরনের পানি জমে না থাকে। একই সঙ্গে ড্রেনের ওপর অবৈধ দখল উচ্ছেদ করে সাধারণ মানুষের চলাচলের পথ উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে ভাঙ্গুড়া পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, ড্রেন দখলমুক্ত করে সড়কের পানি সরাসরি ড্রেনে প্রবাহিত হওয়ার ব্যবস্থা করা হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা থেকে মাস্টারপাড়ার মানুষ স্থায়ীভাবে মুক্তি পাবে।