গোপালগঞ্জে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৭০ বছর বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনউজ্জামান জানান, স্থানীয়দের তথ্য অনুযায়ী, মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহন বৃদ্ধাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

পরে এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে হাইওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহত বৃদ্ধার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।