গোপালগঞ্জে আসন্ন জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপনকে সামনে রেখে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এ আয়োজন সফলভাবে বাস্তবায়ন এবং জেলার মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এতে পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীসহ জেলা ও উপজেলা পর্যায়ের মৎস্য বিভাগের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতকে আরও এগিয়ে নিতে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণ, প্রাকৃতিক জলাশয়ের টেকসই ব্যবস্থাপনা এবং দেশীয় বিলুপ্তপ্রায় মাছের উৎপাদন বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জাতীয় মৎস্য পক্ষের মূল বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকারি প্রতিষ্ঠান, মৎস্যচাষি ও সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি নির্ধারিত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে জেলা জুড়ে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষিদের সম্মাননা, উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসব উদ্যোগের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, পরিবেশবান্ধব ও টেকসই মাছ চাষে উৎসাহ প্রদান এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।