চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে ৩৯টি স্বর্ণের বারসহ রবিউল ইসলাম (৩৪) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
শনিবার (১ আগস্ট) বিকালে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন সীমান্তবর্তী পারকেষ্টপুর এলাকায় একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক মূল্য প্রায় ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
আটক রবিউল উপজেলার দর্শনা থানাধীন সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রামের আহাদ আলী বিশ্বাসের ছেলে।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক বিজ্ঞপ্তিতে জানান, শনিবার বিকালে গোয়েন্দা তথ্য আসে যে, দর্শনা পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের চেষ্টা হতে পারে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল গোপনে সীমান্ত এলাকায় অবস্থান গ্রহণ করে।
পরে বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটে সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
আটক ব্যক্তির কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ইসলাম উদ্ধার হওয়া স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
আটক আসামি ও জব্দকৃত মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।