পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সীমানা বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় সংঘবদ্ধ হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) উপজেলার পৌর সদরের মন্ডল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। একই দিনে বেলা ১১টা ও বিকেল সাড়ে ৩টায় দুই দফায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোবাহান প্রামানিকের দুই ছেলে জাহাঙ্গীর ও সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার দরবার ও সালিশ হলেও কোনো সমাধান হয়নি।
অভিযোগে জানা গেছে, বিরোধের জেরে শুক্রবার বেলা ১১টার দিকে জাহাঙ্গীরের ছেলে আমিরুলের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল লাঠিসোটা, শাবল ও রড নিয়ে সিদ্দিকের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়।
ঘটনার পর ভাঙ্গুড়া থানা পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানানো হলে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে যায়। তবে পুলিশ চলে যাওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে আরও ৩০-৪০ জন সংঘবদ্ধ হয়ে আবারও সিদ্দিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দফায় সংঘবদ্ধভাবে লাঠিসোটা, শাবল ও রড নিয়ে হামলা চালানোয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল ঘুরে যাওয়ার পর পুনরায় হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম বলেন, “মৌখিকভাবে বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে তিনবার পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও উভয় পক্ষের কেউ এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি বলে পুলিশ জানিয়েছে।