পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পানিতে ডুবে হাসান আলী (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার ভেড়ামারা এলাকার মাছোকাটা বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী ওই গ্রামের আসাদুল সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে মাছোকাটা বিলের পানিতে জাগ দেওয়া পাটের আঁশ ছাড়ানোর কাজ করছিলেন আসাদুল সরকার ও তাঁর স্ত্রী আফরোজা খাতুন। এ সময় বড় বোন কেয়ার সঙ্গে বাবা-মায়ের জন্য খাবার নিয়ে বিলের কাছে যায় ছোট্ট হাসান।

পরে পাট ছিলার কাজ শেষ করে ছেলে হাসানকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা-মা। একপর্যায়ে বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন বিলের পানিতে শিশুটিকে ভাসতে দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বিএম মারজিয়া বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, “ভেড়ামারা গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।