মাদারীপুরের শিবচর পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-র তরুণ নেতা ফেরদৌস খান দুর্জয়। আত্মপ্রকাশ উপলক্ষে এলাকায় এক বিশাল গণর‍্যালি ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।

শুক্রবার বিকালে শিবচর পৌর এলাকার প্রধান প্রধান সড়কে এ গণর‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে ৭১ সড়কের মাথায় এসে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এতে এনসিপি’র স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের সাধারণ জনগণ ও বিপুলসংখ্যক তরুণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আত্মপ্রকাশকালে সম্ভাব্য মেয়র প্রার্থী ফেরদৌস খান দুর্জয় বলেন, শিবচর পৌরসভার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সর্বাধুনিক পৌরসভা। তরুণদের শক্তি ও সাধারণ মানুষের আস্থাকে পাথেয় করে আমরা শিবচরবাসীর স্বপ্নের শহর বাস্তবায়নে কাজ করতে চাই। নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং পৌরসভার সুশাসন প্রতিষ্ঠাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

উপস্থিত সাধারণ ভোটাররা জানান, তরুণ নেতৃত্বের মাধ্যমে পৌর এলাকায় নতুন গতিশীলতা আসবে বলে তারা আশাবাদী। র‍্যালি শেষে স্থানীয় সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং শিবচর পৌরসভাকে একটি ডিজিটাল ও আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন এই প্রার্থী।