নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই কুখ্যাত মাদক কারবারি ভাই-বোনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে ধামইরহাট থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজার বিএনপি অফিসের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানে হাতেনাতে গ্রেফতার হন মোছা. লাইলী বেগম (৩৫) ও মো. হাসান আলী (৩০)। তারা উভয়েই হাফিজুর রহমান ও মোছা. হাসিনা বেগমের সন্তান। তাদের বাড়ি ধামইরহাট উপজেলার অমরপুর (হঠাৎপাড়া) এলাকায়।

এ সময় তাদের কাছ থেকে ৬৮০ পিস টেপেন্টাডল ট্যাবলেট, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ভাই-বোন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে লাইলী বেগমের বিরুদ্ধে ১০টি এবং হাসান আলীর বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ধামইরহাট থানা পুলিশ।।