বরিশাল একটি ঐতিহ্যবাহী নদীমাতৃক জেলা। জালের মতো ছড়িয়ে থাকা অসংখ্য নদ-নদী, খাল-বিল নিয়ে বরিশাল জেলা গঠিত এই জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, নদীপথের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পানির ওপর পুলিশের দ্রুত ও কার্যকর উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়।
নদীমাতৃক বরিশালের ভৌগোলিক বাস্তবতা বিবেচনা করে বরিশাল জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, দূরদর্শী নেতৃত্বে এবং জেলা পুলিশের অর্থায়নে একটি নতুন ট্রলার ক্রয় করা হয়েছে। ২৯ জুলাই বুধবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার ফিতা কেটে নতুন এই ট্রলারের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি ট্রলারের বিভিন্ন কারিগরি দিক ঘুরে দেখেন এবং সার্বিক কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। নদীপথে পুলিশ সদস্যদের পারদর্শিতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহান উদ্যোগে এই ট্রলার দিয়ে ২১ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে।
এই বিশেষ কর্মসূচির আওতায় বরিশাল জেলা পুলিশের ০৮ জন নির্বাচিত পুলিশ সদস্যকে ট্রলার এবং স্পিডবোট চালানোর বাস্তবমুখী ও নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে নদীপথে টহল প্রদান, জরুরি উদ্ধার কাজ পরিচালনা এবং দূরবর্তী চরাঞ্চলে দ্রুততম সময়ে পৌঁছানোর ক্ষেত্রে তারা পেশাদারিত্ব লাভ করবেন।
বর্তমানে জেলা পুলিশ বরিশাল ট্রলারটি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমের কাজে ব্যবহার করবে। প্রশিক্ষণ সমাপ্তির পর ট্রলারটি বরিশাল জেলার প্রত্যন্ত ও নদী কেন্দ্রিক থানায় পাঠিয়ে দেওয়া হবে।
জলপথে সন্ত্রাস, ডাকাতি, অবৈধ বালু উত্তোলন এবং চোরাচালান দমনে পুলিশ সদস্যরা আগের চেয়ে অনেক বেশি তৎপরতা দেখাতে পারবেন। নদীমাতৃক অঞ্চলের সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে বরিশাল জেলা পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল ও সুদৃঢ় হবে।
দক্ষ ও আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলার মাধ্যমে বরিশাল বাসীকে নিরাপদ ও অপরাধমুক্ত নদীপথ উপহার দিতে জেলা পুলিশের এই আন্তরিক প্রয়াস অব্যাহত থাকবে।