কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-ক্রীড়া সংস্থায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার ৫০টিরও বেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে এই খেলাধুলার সামগ্রী তুলে দেন ১১ দলীয় জোটের কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. মো: আতিকুর রহমান মুজাহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে নিয়মিত ক্রীড়া চর্চা বাড়িয়ে সুন্দর সমাজ বিনির্মাণ করতে হবে।”
উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা দিলারা আক্তার এবং ফুলবাড়ী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান নাঈম।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় ক্রীড়া ক্লাবের তরুণ সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন ক্রীড়া সামগ্রী পেয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের প্রতিনিধিরা সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।