জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে আব্দুল হান্নান (৪২) নামে এক ব্যক্তিকে মাঠে ডেকে নিয়ে নির্মম নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তহিদুল ইসলাম (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, রোববার (২০ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের মশপুকরা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মাত্রাই বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুল হান্নানকে পথরোধ করে কয়েকজন ব্যক্তি পাশে ডেকে নিয়ে যায়। পরে তাকে একটি মাঠে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তার অণ্ডকোষে রশি বেঁধে নির্যাতন চালানো হয় এবং পরে মুখে বিষাক্ত পদার্থ ঢেলে দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে নিহতের ছেলে আজাদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে বাবাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নিজ অটোরিকশাযোগে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মঙ্গলবার (২১ জুলাই) নিহতের ছেলে আজাদুল ইসলাম বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে তহিদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।