রংপুরের কাউনিয়া উপজেলায় কাউনিয়া ইউথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেওয়াইএসডিও)-এর প্রধান কার্যালয় পরিদর্শন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধিদল।
সোমবার দুপুরে অনুষ্ঠিত এ পরিদর্শনে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আহসান হাবীব। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. সুপ্রিতী সাহা এবং প্রধান সহকারী মোঃ শরিফুল ইসলাম শিশির।
পরিদর্শনকালে প্রতিনিধিদল সংস্থার চলমান কার্যক্রম, KYSDO Integrated Community Health Initiative Project (KICHIP)-এর লক্ষ্য ও উদ্দেশ্য, স্বাস্থ্যসেবা প্রদানের পদ্ধতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সার্বিক অফিস ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হন। তারা প্রকল্পের বিভিন্ন নথিপত্র ও পরিকল্পনা পর্যালোচনা করেন এবং কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
এ সময় কেওয়াইএসডিও-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ সোহেল রানা, পরিচালক (প্রশাসন) মোছাঃ কামরুন নাহার, প্রকল্প ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম সুমন, কো-অর্ডিনেটর (ফিন্যান্স) মোছাঃ মায়া আখতার, এমআইএস অফিসার খাদিজা আখতার মিমসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কমিউনিটি পর্যায়ে কার্যকর স্বাস্থ্য উদ্যোগ বাস্তবায়নে কেওয়াইএসডিও-এর কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।