বান্দরবানের রুমা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ৯ বিজিবি।
মঙ্গলবার সকালে উপজেলার পাইন্দু ইউনিয়নের চাঁন্দা হেডম্যানপাড়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পার্বত্য অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে রুমা ব্যাটালিয়নের ৯ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যাদুর্গতদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএমসি মেজর তিমির রঞ্জন মহান্ত, ক্যাপ্টেন নূর মোহাম্মদ নাহিয়ান, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিজিবির অন্যান্য কর্মকর্তারা।
বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার ভোজ্যতেল এবং ১ কেজি চিনি প্রদান করা হয়।
এ সময় বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।