পাবনার ভাঙ্গুড়া উপজেলার ২নং খানমরিচ ইউনিয়নের বিভিন্ন ক্রীড়া ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪১টি গ্রামের প্রতিনিধিদের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, সদস্য সচিব সরদার মো. আতাউর রহমান খোকন এবং ময়দানদিঘী বাজার কমিটির সভাপতি সরদার মো. জয়নুল আবেদীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন খান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪১টি গ্রামের প্রতিনিধিদের হাতে খেলাধুলার গেঞ্জি, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।