বাগেরহাটের ফকিরহাট উপজেলায় স্বামীর সঙ্গে সংসার করার দাবিতে অনশন শুরু করেছেন এক ইন্টার্ন চিকিৎসক। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পুটিয়া এলাকায় এমবিবিএস চিকিৎসক ডা. শতদল মন্ডলের বাড়ির সামনে অবস্থান নেন ডা. বন্যা মজুমদার।
ডা. বন্যা মজুমদারের অভিযোগ, তার স্বামী ডা. শতদল মন্ডলের সঙ্গে তার আপন বৌদির পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি জানার পর থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হয় এবং বিয়ের সময় পাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র রেখে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
তিনি জানান, কোনো সংঘাত নয়—সমঝোতার মাধ্যমে স্বামীর সঙ্গে পুনরায় সংসার করতে চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ডা. বন্যার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হলেও তাদের জানা মতে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি। তাদের দাবি, মেয়ের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ডা. শতদল মন্ডল বলেন, তার স্ত্রী অনশনে বসেছেন—এ বিষয়ে তিনি অবগত নন। ইতোমধ্যে তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন বলেও জানান। তবে আইনজীবীর পরামর্শে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস জানান, বিয়ের পর থেকেই ডা. বন্যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে সালিসের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। যাচাই-বাছাই করেই তাদের বিয়ে সম্পন্ন করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।